কল্পলোকে
স্বপ্নেরা উড়াল দেয় কল্পপাখায়। ভেসে যায়, ভেসে যায় বহুদূর —
যেখানে পাহাড় ঘুমায় মেঘের চুমায়…
শাওনে ভাদরে বাদল মাখে, জ্যোৎস্নায় ভিজে চাঁদ…
যাওয়ার কথা ছিল প্রাগজ্যোতিষপুর এলাম দিনহাটায় —
ভেবেছিলাম দেখা হবে মন্দাকিনীর পারে দেখা হলো রূপনারায়ণের ধারে…
এক বিবশ ঘোর আমায় ঘিরে থাকে। খেয়ে ফেলে আমার মুখ, বুক, চিবুক । আদিম হিংস্র দাঁতে —
সৃষ্টির ঊষালগ্নে আমরা হাঁটি হাত ধরে পরস্পর
মুখে ভাষা নেই, চোখ নিরুত্তর
কথা শুধু বলে যায় মন অনুদিন অনুক্ষণ —
ঘোর শুধু ঘিরে থাকে ঘিরে থাকে ঘিরে থাকে…
#বাজে রাগিণী
**************
বনস্পতির শাখায় আজ নৃত্যদোদুল ছন্দ
কে জানে সে কোথায় পেলো বেঁচে থাকার গন্ধ
ঈশান কোণে মেঘের আভাস
রক্তিমাভায় ভরছে আকাশ
জাগছে মনে নতুন করে নিভৃত আনন্দ।
উথাল পাথাল মাতাল হাওয়ায় নেশা বাজে
উঠছে বেজে দেশ রাগিণী মন মাঝে
টাপুর টুপুর জলের ফোঁটা
ফুটছে যেন গোটা গোটা
টোড়ি রাগে দ্রুত খেয়াল হলো শুরু সকাল সাঁঝে।
**********************************
#রত্না

