কেউ রইল না


Author: কোয়েল তালুকদার

Email: No Email


যাকে জীবনভর ডেকেছিলাম, সে অন্য কোনো আকাশে সন্ধ্যা নামিয়েছে,

যে আমার ঘরে একটি প্রদীপ জ্বালাতে চেয়েছিল,

তাকে বলেছিলাম - এখন নয়, আরেকদিন।

তারপর ঋতুগুলো একে একে বদলে গেল, নদী পথ ভুলে সমুদ্রে মিশে গেল, পুরোনো চিঠিগুলো হলুদ হয়ে নিজেদের ভাষাও ভুলে গেল।

একদিন ফিরে তাকিয়ে দেখি, যাকে চেয়েছিলাম -.

সে নেই, যে আমাকে চেয়েছিল, সেও আর নেই।

এখন শুধু বিকেলের দীর্ঘ ছায়া আমার পাশে এসে

বসে থাকে, আর বাতাস খুব ধীরে বলে -

মানুষ কখনও কখনও ভালোবাসা হারায় না,

হারিয়ে ফেলে সেই সময়টুকু, যখন ভালোবাসাকে

ধরে রাখা যেত।

তাই আজ কোনো অভিযোগ নেই, কোনো অভিমানও নয়, শুধু মনে হয় - সব দরজা একদিন খুলেই ছিল, আমিই দেরি করে পৌঁছেছিলাম।

সেই থেকে আমার ঘরে শুধু শূন্যতা থাকে -

আর জানালার ওপাশে একটি নামহীন পাখি প্রতিদিন সন্ধ্যায় ডেকে যায় সেইসব মানুষের নাম --

যারা একদিন আমার হতে চেয়েছিল।

~ কোয়েল তালুকদার

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain