Md Ibrahim Hossen Rajshahi

Md Ibrahim Hossen Rajshahi

 


Md Ibrahim Hossen Rajshahi

মায়ের পাশে কবর দিও
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-০১-২০২৫ ইং, মঙ্গলবার।

কোথা মা তোর ঠিকানা?
মাটিতে আজ বিছানা!
প্রাণে আর সয়না-রে মা,
দু-চোখে নীরব কান্না।

আজও মা চাঁদ ওঠে ওই
জেগে রাত একাকী রই,
দেখা দে তোর খোকাকে
না থাকিস আর ধোঁকাতে।

তুই ছাড়া বল কে আছে
কেমনে জীবন বাঁচে?
ঘরটা যে লাগে ফাঁকা
তোর স্মৃতি শুধুই আঁকা।

ব্যথাতে মনভরা মোর
খুলে দে বন্ধ ও দোর,
দেখি মা একনজরে
থাকিস না আর ওজরে।

ঝরে নীর দুই চোখেতে
হাসি নেই এই মুখেতে,
মলিনে বদন খানা
বুকে মা খুব যাতনা।

কে শোনে আমার কথা?
না বুঝে মনের ব্যথা,
মমতা দেয় না কেহ
আঙ্গারে এই না দেহ।

স্মৃতিরা জ্বালায় পোড়ায়
আঁখিদ্বয় অশ্রু গড়ায়,
বহে মা সাগর বহে
কীভাবে এ প্রাণ সহে?

আজ আমি বড়ই একা
দে দে মা আমায় দেখা,
কবরের পাশেই আমি
কেঁদে যাই দিবাযামী।

জানি মা আসবি না তুই
এ ব্যথা কোনখানে থুই?
তোর পাশে একটুখানি
জায়গা দে ঝরাই পানি।

শোনো সব পড়শীবাসী
দু’চোখের জলে ভাসি,
মা না শোনে আমার খবর,
মা’র পাশে দিও কবর।


Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain