Gobinda Modak

Gobinda Modak

 

Gobinda Modak

তোমায় একটা শীতের গল্প বলি …
গোবিন্দ মোদক

তোমায় একটা শীতের গল্প বলি —
পৌষ এলে বা মাঘ এলে এই যে কুসুমতলি;
হলদে রংয়ের সরষে ফুলে যায় ভরে তার মাঠ,
নানা রঙের উলের পোশাক, শীতের রাস্তাঘাট!
খেজুর রস … নলেন গুড় … হাঁক দিয়ে ওই চলে,
কাঁথা-কম্বল, লেপ-আলোয়ান শীতের কথাই বলে!

তোমায় একটা শীতের গল্প বলি —
পৌষ এলে বা মাঘ এলে এই যে শহরতলী;
বাজারেতে সতেজ ফসল কপি, পালং, শিম,
কুয়াশা আর শিশির মাখা হাওয়া ছোঁয়ায় হিম!
ডালের বড়ি, পিঠে-পায়েস, জয়নগরের মোয়া,
রাত্রিবেলায় আহা কি সুখ লেপের ওমে শোয়া!

তোমায় একটা শীতের গল্প বলি —
পৌষ এলে বা মাঘ এলে এই শহরের গলি;
গলির মুখে আগুন জ্বেলে সেঁকে নেওয়া হাত,
লেপ নেই তাই ঠকঠকিয়ে কাঁপন সারারাত!
ফুটিফাটা ঘরের ভিতর শীতের চাবুকখানা,
মাঝরাত্তিরে হঠাৎ করেই হাড় কাঁপানো হানা!

তোমায় একটা শীতের গল্প বলি —
পৌষ এলে বা মাঘ এলে এই যে মানুষগুলি;
কেউ বা যায় চড়ুইভাতি, কেউ ভ্রমণে দূরে,
কেউ বা আবার আনন্দ পায় বইমেলাতে ঘুরে!
কারো আবার পোশাক বিনে “ত্রাহি-ত্রাহি” ডাক,
মনে-প্রাণে প্রার্থনা তাই শীতটা এখন যাক!

তোমায় একটা শীতের গল্প বলি —
আমি থাকি সেই গাঁয়েতেই, নামটা কুসুমতলি!!


ও মাঝি ভাই !!
গোবিন্দ মোদক

ও মাঝি ভাই যাচ্ছো কোথায়
শিশির-ঝরা ভোরে!
তোমার কথা ভাবলে পরে
মনটা কেমন করে!!

যাচ্ছি আমি সাত সমুদ্র
তেরো নদীর পার!
রাজার প্রাসাদ সোনার বাড়ি
রূপোর সিংহদ্বার !!

সেইখানেতে রূপকথা-রোদ
করে ঝিলিমিলি!
হীরের গাছে মুক্তোর ফল
হাসে খিলি-খিলি !!

স্ফটিক খাটে রাজকন্যা
বসে আছে একা!
যাচ্ছি আমি অচিনপুরে
করতে হবে দেখা!!

ও মাঝি ভাই আমিও যাবো
আমায় তুমি নাও!
আমিও সাথে হাল ধরবো
নৌকা তুমি বাও!!

দুই ভাইয়েতে যাবো এখন
রূপকথারই দেশে!
অচিনপুরের গহীন নদী
পাবো অবশেষে!!

চিঠি নিয়ে পৌঁছে যাবো
রাজার প্রাসাদ-ঘরে!
যেখানেতে রাজকন্যা
আছে অপেক্ষা করে !!

তাই চলো ভাই দু’জন মিলে
ময়ূরপঙ্খী বাই!
দুই ভাইয়েতে গেলে পরে
কোনও ভয় নাই!!


----------------------

এসো খেলি কানামাছি

গোবিন্দ মোদক

এসো খেলি কানামাছি বন্ধুরা জুটি সব,
হাসি গান কতো কথা জীবনের কলরব।
এসো খেলি ফুটবল পাড়াখানা কাঁপিয়ে,
বল নিয়ে ছুটে যাই বেশ করে দাপিয়ে।
এসো খেলি হাডুডু-ই জন, যদু, ওসমান,
খেলা শেষে গলা ছেড়ে কালোয়াতি গান।
এসো খেলি নৌ-বাইচ ছিপখান তিনদাঁড়,
খাল জুড়ে ছিপগুলি ছুটে যাক সারসার।
এসো খেলি লুকোচুরি তুমি আমি সকলে,
শরীরটা মেঠো হোক রোদ-জল-ধকলে।
এসো খেলি সাত-গুটি টিপ করে মারা চাই,
খেলাধূলা ব্যায়ামেতে শরীরটা গড়ি তাই।
এসো সব গাছে চড়ি পেড়ে আনি নারকেল,
তাজা সব ফল খাই পেয়ারা ও কৎবেল।
তবে ভাই খেলা শেষে পড়াশোনা করা চাই,
পড়াশোনা সব সেরা তাকে ছাড়া গতি নাই।
অতএব মনে রেখো খেলা চাই, পড়া চাই,
সব কিছু সয়ে নিয়ে জীবনটা গড়া চাই॥

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain