Ashrafur Rahman

Ashrafur Rahman

 

Ashrafur Rahman

রক্ততিলক
————
— আশরাফুর রহমান

মৃত্যু ওঁত পেতে থাকে রাস্তায়, মানুষের ভিড়ে, বিনোদন কেন্দ্রে, শপিংমলে, স্কুলের শ্রেণিকক্ষে, বহুতল অট্টালিকার ভেতরে।

অস্বাভাবিক মৃত্যু নেমে আসে পৃথিবীর চারদিকে–
মানসিক বিকৃত মাতাল যুবকের হাতে
উগ্রপন্থীর অন্ধ উন্মাদনায়
দুর্বৃত্তের ছুরিকাঘাতে
স্নাইপারের নির্ভুল নিশানায়।

আকাশে গর্জে ওঠে যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল—
ভয় ছড়িয়ে পড়ে বাতাসে,
রক্ত ছড়িয়ে পড়ে চারদিকে নদীর মতো।

মানুষের ভিড় এগোয় শোকের র‍্যালীতে
তাদের মুখে শোক নয়,
বরং সযত্নে লুকোনো বিজয়ের উল্লাস।

অসহায় মানুষের চোখ মিলিয়ে যায় শূন্যতায়
কারণ তারা জেনে যায়
এই পৃথিবী এক মৃত্যুশালা
এই সভ্যতা এক অবিরাম হত্যাযজ্ঞ।

যারা মানুষ মারে, তারাই আবার শোকসভার আয়োজন করে
তারাই মৃতদের নামে গড়ে তোলে স্মৃতিস্তম্ভ।
স্বজন হারানোরা মৃতদের জন্য অশ্রু ফেলে,
কিন্তু সে অশ্রু ছুঁয়ে যায় না হন্তারকদের হৃদয়।

মৃত্যুর প্রতিধ্বনি বাজতে থাকে পৃথিবীর শহরে বন্দরে গ্রামে।
তবুও সেই প্রতিধ্বনি থামে না—
মানুষ আজ মৃত্যুকে করেছে উৎসব
হত্যাকে করেছে খেয়ালখুশি
হিংস্রতাকে করেছে বৈধ।

আমরা গড়ে তুলেছি মৃত্যুর পৃথিবী
মানুষের রক্ত দিয়ে কপালে এঁকে চলেছি
রক্ততিলক।
————————————-
০৭.০২.২০২৭ খ্রিষ্টাব্দ.

Post a Comment

© Article and Story. All rights reserved. Developed by Jago Desain